কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মাইসা আক্তার নামের ১৯ মাস বয়সের এক শিশুকন্যা মারা গেছে। সে ছাতকছড়া গ্রামের মঈনউদ্দীনের মেয়ে। রবিবার সকাল নয়টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বসতঘরের  পেছনের দরজার সঙ্গে পুকুর পাড়ে শিশুটির মা কাপড় ধুচ্ছিলেন। এ সময় পাশ থেকে শিশু মাইসা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।