কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় অপহরণের পর দাবি করা মুক্তিপণের টাকা না পেয়ে খালাতো ভাইকে খুন করার অভিযোগ ওঠেছে আপন খালাতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত ৮টায় মগনামার মগঘোনা এলাকায় ধানখেত থেকে নিহত শিশু মো. আরফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশু আরফাত বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার প্রবাসী রুহুল কাদেরের ছেলে এবং ফাঁসিয়াখালী ফাজিল মাদ্রাসার নূরানী শাখার ১ম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে। আটকরা হলো— মগনামা মিয়াজীপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল কাদের (১৬) ও একই ইউনিয়নের দরদরীঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে রায়হান (১৮)। এদের মাঝে রায়হান নিহত আরফাতের আপন খালাতো ভাই।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, অপরহরণের অভিযোগ পেয়ে পুলিশ অপহরণকারী দুই জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা পুলিশকে গত দুই দিন বিভিন্ন জায়গায় ঘুরায়। পরে তাদের একজনেরই স্বীকারোক্তি মতে অপহূত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি কামরুল আজম বলেন, এ ঘটনায় জড়িত আটক দুই জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।