হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ, আজ শপথ

ইত্তেফাক রিপোর্ট

হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদেরকে দুই বছরের জন্য এ নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন, পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহ্বুব-উল ইসলাম ও শাহেদ নূরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জেলা ও দায়রা জজ ড. মো. জাকির হোসেন, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান তালুকদার, অ্যাডভোকেট কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, অ্যাডভোকেট এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কাজী জিনাত হক। গতকাল রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে নবনিযুক্ত বিচারকদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ইতিমধ্যে হাইকোর্টের বেশ কিছু বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। শপথের পরই নবনিযুক্ত বিচারপতিরা বেঞ্চে বসে বিচারকাজ পরিচালনায় অংশ নেবেন। এ সময় তাদেরকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। প্রসঙ্গত হাইকোর্টে বর্তমানে ৯২ জন বিচারপতি রয়েছেন। গতকাল আরো নয় জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াল ১০১ জনে।