ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ফকিরাপুলে এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐ নিরাপত্তাকর্মীর নাম মো. রাসেল রানা (২৫)। গতকাল রবিবার মতিঝিল থানা পুলিশ ফকিরাপুলের প্রথম গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে। মৃত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর থানা এলাকার ভেলাজান চানমারী গ্রামে। তার বাবার নাম সহিদুল ইসলাম। মতিঝিল থানার এসআই মো. শাহা আবদুল জলিল জানান, রাসেল রানা ২১৬ নম্বর ফকিরাপুলের প্রথম গলির হায়দারের বাসার নিরাপত্তাকর্মী। রাসেল ঐ বাসায় থাকতো। গত শনিবার রাতে রাসেল খাবার খেয়ে তার রুমে ছিটকিনি আটকে ঘুমিয়ে পড়ে। রাতের যে কোনো সময় তিনি সিলিংয়ের রডের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। পরে পুলিশ খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।