পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
আগাম জাতের ধান ঘরে তুলে সেই জমিতে আলু চাষ করে লাভবান হওয়ার আশায় এবারও আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন পাঁচবিবি উপজেলার কৃষকরা।
উপজেলার বাগজানা, ধরঞ্জী, রতনপুর, নন্দইল, তাজপুর, আয়মারসুলপুর, কড়িয়া, কেশবপুর, নওয়ানাসহ কয়েকটি গ্রামে দেখা গেছে, কৃষকরা আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার বাগজানা ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, বাজারে যার আলু যত আগে উঠবে, তার লাভ তত বেশি। এবার আবহাওয়া অনুকূল। বীজের দামও কম। প্রয়োজনীয় সারের সরবরাহও স্বাভাবিক।
একই গ্রামের সাইফুল ইসলাম জানান, তিনি এক একর জমিতে আগাম আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণে খরচ হচ্ছে ১৫-২০ হাজার টাকা। বিঘায় আলু উত্পাদন হবে প্রায় ৫০ থেকে ৬০ মণ। বাজারে আগে আলু তুলতে পারলে প্রতি কেজি আলু বিক্রি হবে প্রায় ৫০ থেকে ৬০ টাকা মণ দরে। এতে বিঘাপ্রতি আলু বিক্রি করে খরচ বাদে লাভ পাওয়া যাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফর রহমান বলেন, উপজেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিক দামের আশায় কৃষকরা আগাম জাতের আলু আবাদে নেমে পড়েছে। আগামী জানুয়ারি থেকে এই আলু বাজারে পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।