স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রনি (৩০)। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার সালাউদ্দিন পলাশের ছেলে।
নিহতের বাবার অভিযোগ, রনি একটি মশার কয়েল ডিলারশিপের ব্যবসা করত। শনিবার রাতে মদনপুর থেকে বাড়ি আসার পথে কয়েক যুবক তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সকালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব ও পূর্বশত্রুার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।