প্রক্সি কেলেঙ্কারিতে এমপি বুবলীর সব পরীক্ষা বাতিল করেছে বাউবি

প্রক্সি পরীক্ষা কেলেঙ্কারিতে বিতর্কিত নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত ওরফে বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিলসহ স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। তিনি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় অংশ নিয়ে নিজে পরীক্ষা না দিয়ে আট জনকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে চরম জালিয়াতি করেছেন। গতকাল সকালে বাউবির ভিসি অধ্যাপক এম এ মান্নান এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেন। সভায় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকেরা অংশ নেন। এ ঘটনায় এমপিকে স্থায়ীভাবে বহিষ্কার ও ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সভায় ভিসি বলেন, তামান্না নুসরাত নিজে পরীক্ষায় অংশ নেননি। তার পক্ষে পরপর আটটি পরীক্ষায় অংশ নেন প্রক্সি বা সাজানো পরীক্ষার্থীরা। শেষ দিন পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক ভুয়া পরীক্ষার্থী। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে তাকে বহিষ্কার করে কেন্দ্র কর্তৃপক্ষ। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি আরো তদন্তে কলেজের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় আরো জানানো হয়, এ ব্যাপারে তামান্না নুসরাত ওরফে বুবলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে তোলা হবে এবং পরে তা বোর্ড অব গভর্নেন্সে যাবে। সবশেষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরো জানানো হয়, তামান্না নুসরাত বাউবির কোনো প্রোগ্রামে আর ভর্তি হতে পারবেন না। যারা প্রক্সি পরীক্ষা দিয়েছেন, তাদের পরিচয় বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হবে। তামান্না নুসরাতের এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে।

ভিসি বলেন, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ওই পরীক্ষার সমন্বয়ক। পরীক্ষা চলাকালে তিনি কখনো কেন্দ্রে যাননি। অথচ পরীক্ষা চলাকালে তার প্রতিদিনই কেন্দ্রে উপস্থিত থাকার কথা। কলেজের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি।

সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গুলিতে নিহত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তামান্না নুসরাত এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন।