আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তব্যকে অত্যন্ত দুুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, রাশেদ খান মেনন একজন প্রবীণ রাজনীতিবিদ। তার কাছ থেকে আমরা সবসময় দায়িত্ববোধ বক্তব্য আশা করি। তিনি বরিশালে তার পার্টি ফোরামে যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু ১৪ দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠার এক বছর পর তিনি কেন এ কথা বললেন ১৪ দলের মিটিং ডেকে তার কাছ থেকে সেটি জানতে চাওয়া হবে।
গতকাল রবিবার সিরাজগঞ্জের কাজিপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, জনগণ ভোট দিয়েছে বলেই রাশেদ খান মেনন নির্বাচিত এমপি। তার বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। এর আগে দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের শুরুতে সূচনা বক্তব্যে নাসিম বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। আর পঁচাত্তর-পরবর্তী যে কোনো সরকারের চেয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সম্মানিত করেছেন। তাদের জন্য মর্যাদাসম্পন্ন রাষ্ট্রীয় কোষাগারের ভাতা প্রদান করা হচ্ছে। পঁচাত্তর-পরবর্তীতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের ভুয়া তালিকা তৈরি করে। এ কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। কে আসল কে নকল তা স্পষ্ট করার জন্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। কাজিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ যাচাই-বাছাই কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী উপস্থিত ছিলেন।