জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক, অনুষদ ভবন, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘সীমাহীন দুর্নীতির মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন। তার স্বৈরাচারিতার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। আজকের পর থেকে তিনি আর কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।’ আন্দোলনের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্যের অপকর্মের বিষয়ে জানিয়ে আমরা আচার্যের কাছে চিঠি দিয়েছি। এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অমঙ্গল, অন্ধকার ও অপশক্তি দূর করার লক্ষ্যে ফানুস উড়ান উপাচার্যপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।