অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, আমাদের দেশে অনেক মামলার তদন্তে বিলম্ব হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষ পর্যন্ত যদি দেখেন বিচার হয়নি তখন মন্তব্য করা যাবে। গতকাল রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক মামলার আসামিদের সঙ্গে সঙ্গে ধরা যায়। অনেক মামলায় বহুদিন পর বা অপরাধের সূত্র ধরে ধরে আসামিকে ধরা হয়। কাজেই এটা বলা যাবে না—সব মামলাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ নাও হতে পারে। তিনি বলেন, হাইকোর্ট তদন্ত কর্মকর্তাকে ডেকেছেন। উনি হাজির হয়ে ব্যাখ্যা দেবেন। আদালত সেই ব্যাখ্যা শুনে তাদের সিদ্ধান্ত দিবেন।