প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাদিয়ায় কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়ে বলেছেন, কক্সবাজারের এই দ্বীপটিতে শুধু ইকো ট্যুরিজম উন্নত করা হবে। গতকাল রবিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপভোগকালে সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ (বেজা) এই শিল্প নগরের বিভিন্ন আঙ্গিকগত দিক তুলে ধরে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী গভীর মনোযোগের সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং এই বিষয়ে বেশ কিছু নির্দেশ দেন। শেখ হাসিনা বেজা কর্তৃপক্ষকে শ্রমিকদের আবাসন এবং একই সঙ্গে শিল্প এবং আইটি ক্ষেত্রের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের বিষয়ে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা দেন। তিনি একই সঙ্গে এই শিল্প নগরকে জলোচ্ছ্বাস এবং সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, কর্মসংস্থান, উত্পাদন ও রফতানি বৃদ্ধির ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশকে উত্সাহিত করার লক্ষ্যে বেজা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন)’ এর বিকাশ সাধন করছে। চট্টগ্রাম এবং ফেনী জেলার তিনটি উপজেলা-মীরেরসরাই, সীতাকুন্ডু এবং সোনাগাজীর প্রায় ৩০ হাজার একর জমির ওপর বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের তীরবর্তী ২৫ কিলোমিটার এলাকা নিয়ে এই শিল্প নগর প্রতিষ্ঠা হচ্ছে।