গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষকরা আন্দোলনে

গভর্নিং বডির (জিবি) সভাপতি অধ্যাপক হারুনর রশিদের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষকরা গতকাল রবিবারও আন্দোলন করেছেন। গতকাল সকাল ১০টার পর থেকে তারা কোনো ক্লাস নেননি। এরপর সভাপতি শনিবার রাতের মুলতুবি বৈঠক করতে গেলে শিক্ষকরা তা করতে দেননি। শিক্ষকরা সভাপতির পদত্যাগ চেয়ে মিছিল করেন। এরআগে শনিবার রাতে সভাপতিকে ঘেরাও করেন শিক্ষকরা।

কলেজের শিক্ষকরা জানান, সভাপতি যোগদানের পর থেকে নানা কায়দায় ও ফন্দি করে টাকা লুটপাট করছিলেন। শিক্ষকদের মতামত উপেক্ষা করে প্রায় ১৭ কোটি টাকায় কেরানীগঞ্জে জমি কিনেন। কোনো কোনো দলিলে প্রদেয় অর্থের বেশি উল্লেখ করা হয়েছে। এভাবে জমি কেনার নামে অর্থ লুটের অভিযোগ উঠেছে।

সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে ৪৫ জন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছেন শিক্ষকরা। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তাত্ক্ষণিক মূল্যায়ন না করে ১৫-২০ দিন পর ফল প্রকাশ করা হয়। ফলে নিয়োগ নিয়ে প্রশ্ন আছে। তিনি প্রতি মাসে গড়ে ৬৫ হাজার টাকা কলেজ থেকে নেন। নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে বেহিসাবে ব্যয়ের অভিযোগ আছে।

কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সভাপতি শিক্ষক হলেও তার কর্মকাণ্ড শিক্ষকসুলভ নয়। সবাই তার পদত্যাগ চায়। সভাপতির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করবেন।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. আবদুর রহমান বলেন, শিক্ষকরা অন্যায়ের প্রতিবাদ করছে। তিন জন শিক্ষক প্রতিনিধির যোগসাজসে এত অপকর্ম হয়েছে যে তারা আর এই সভাপতিকে মেনে নিতে পারছেন না।

এ ব্যাপারে কথা বলতে অধ্যাপক হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।