শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আন্দোলনরত ননএমপিও শিক্ষক নেতাদের আলোচনায় দাবি পূরণের কোনো আশ্বাস না মেলায় আজ সোমবার থেকে আবারও অনশন শুরুর ঘোষণা দিয়েছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। গতকাল রবিবার রাতে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ তাদের এ কর্মসূচির কথা জানান।
গতকাল রাত ৮টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক শুরু হয়। বৈঠকে শিক্ষক নেতারা এমপিও নীতিমালার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তা পরিবর্তন করে এমপিওভুক্ত করার দাবি জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্বীকৃতি দেওয়ার মানে এ নয় যে এমপিওভুক্ত করতে হবে। স্বীকৃতির সঙ্গে এমপিওর কোনো সম্পর্ক নেই। স্বীকৃতি দেওয়ার মানে হলো, পাঠদান করার যোগ্যতা থাকার স্বীকৃতি। মন্ত্রী আরো বলেন, এখন থেকে প্রতিবছরই এমপিওভুক্ত করা হবে। এবার যে তালিকাটা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন তা নীতিমালা অনুযায়ী করা হয়েছে। এখন আর এটা বদলানো যাচ্ছে না।
একযোগে ৫ হাজার ২৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।