‘নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ। তবে তফসিল পেছানোর দাবিও করছে না দলটি।’ গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচন পেছানোর বিষয়টি সম্পূর্ণভাবে ইসির এখতিয়ার। তাই, তফসিল পেছানো হবে কিনা তা ইসি জানে।’ এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সম্প্রসারণের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের সমঝোতা হতেও পারে। আলোচনা চলছে। তবে নিজেদের প্রার্থীদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলা হবে। ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে আমাদের লড়তে হবে। তাদের তো দুর্বল মনে করলে চলবে না। মহাজোটের কলেবরও বাড়তে পারে। জাতীয় পার্টির সঙ্গে মহাজোটগতভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটগত ভাবে নির্বাচনে যাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিও (জাপা) থাকবে। নৌকা প্রতীকে ১৪ দল লড়বে, জাপা লাঙ্গলে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে। ওবায়দুল কাদের বলেন, জোটগতভাবে নির্বাচনের বিষয়টি রবিবার নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে কোন কোন দল নৌকা প্রতীক নিয়ে অংশ নেবে এবং তার মধ্যে কতটি নিবন্ধিত, সে বিষয়ে কিছু সাংবাদিকদের জানাননি তিনি। তিনি বলেন, ‘জোটগতভাবে হলে আসন ভাগাভাগি হবে।’