‘বাংলা নাট্যোত্সব ২০১৯’ শুরু

 

তিন যুগ উদযাপন নাট্যদল মহাকাল নাট্যসমপ্রদায় আয়োজন করেছে ‘বাংলা নাট্যোত্সব ২০১৯’।

এতে ভারত ও বাংলাদেশের নাট্যদলের ৩১টি নাটক নিয়ে গতকাল শুরু হয়েছে এই উত্সব। ৩০ অক্টোবর পর্যন্ত সরব হয়ে উঠবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়ার স্টুডিও থিয়েটার হল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল সন্ধ্যা ৬টায় দশ দিনব্যাপী এ নাট্যোত্সবের উদ্বোধন করেন ত্রিপুরার চিফ হুইফ কল্যাণী রায়, নাট্যজন রামেন্দু মজুমদার ও মঞ্চসারথি আতাউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একাডেমির প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হয় মহাকাল নাট্য সমপ্রদায় প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যচক্র প্রযোজনা ‘একা এক নারী’ ও মহিলা সমিতি মঞ্চে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রযোজনা ‘তক্ষক’। এই উত্সবে ভারতের আসাম রাজ্য থেকে ভাবিকাল থিয়েটার, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমরা থিয়েটার ও রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ এবং ত্রিপুরা রাজ্য থেকে শুভম নাট্যচক্র ও লারনার্স থিয়েটার অংশগ্রহণ করবে।