দ্রুত সমাধান চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ের পাশেই সংবাদ সম্মেলন করে নিজেদের বিদ্রোহের ঘোষণা দিলেন ক্রিকেটাররা। বিসিবি অবশ্য বলছে, তারা সংবাদমাধ্যমেই প্রথম এইসব দাবি দাওয়ার কথা জেনেছেন। দাবি দাওয়াগুলো সব পূরণ করা হবে কি না, এমন কোনো মন্তব্য বিসিবি থেকে পাওয়া যায়নি। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, তারা দ্রুত এই বিষয়টা নিষ্পত্তি করে ফেলতে চান।

দাবিগুলোর ব্যাপারে বলতে গিয়ে সুজন বলেছেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ফরমালি আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি এসব ব্যাপারে। ক্রিকেটাররা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের বিষয়গুলো জেনে বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করব। পরবর্তীতে এই ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

সুজন এটাকে আন্দোলন মনে করছেন না। তিনি মনে করেন, ক্রিকেটারদের এরকম দাবি দাওয়া থাকতেই পারে, ‘ক্রিকেটারদের দাবি দাওয়া তো থাকেই, আমাদের চেষ্টা থাকে সেটা ওদের দিয়ে দেওয়া। আজকে বিষয়টি যেহেতু আমাদের নজরে এসেছে, আমরা এটা নিয়ে বোর্ডে আলোচনা করব।’

সবশেষে সুজন বললেন, যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলতে চান তারা, ‘ফরমালি আমাদের জানানো হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। বিষয়টি যত দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা আমরা দেখছি।’