শাহীন হাফিজ, বরিশাল অফিস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ২৬ অক্টোবর থেকে এই ম্যাচ শুরু হলেও আগামীকাল বুধবার থেকে বরিশালে পদচারণ করতে শুরু করবে দুই দলের খেলোয়াড়রা।
বরিশালের এ স্টেডিয়ামের ইতিহাসের ৫৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিদেশি কোনো দলের প্রতিযোগিতামূলক এ ক্রিকেট ম্যাচকে ঘিরে ক্রীড়াঙ্গনে চলছে নানান আয়োজন। বিসিবি ও স্থানীয় সংগঠক, কর্মকর্তা-প্রকৌশলী, গ্রাউন্ডসম্যানসহ সকলেই ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেডিয়ামে। খেলোয়াড়দের থাকা-খাওয়া, অনুশীলন এবং নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক সভা করা হয়েছে। গতকাল সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, পাঁচ স্তরের নিরাপত্তা বলয় থাকছে এ আন্তর্জাতিক খেলা উপলক্ষ্যে।
১৯৬৬ সালে তত্কালীন জেলা প্রশাসক মাহফুজুর রহমানের উদ্যোগে ২৯ একর ২৫ শতাংশ জমির ওপর কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে এ স্টেডিয়াম নির্মাণ করা হয়। ১৯৭০ সালে স্টেডিয়ামটির সীমানা দেওয়াল নির্মাণ করা হয়। ঐ সময় ২ হাজার দর্শকের জন্য গ্যালারিও নির্মাণ হয়েছিল। এরপর থেকে সেখানে স্থানীয় ফুটবল ও ক্রিকেট লীগের খেলা চলতে থাকে।
গত কয়েক দিন ধরে বরিশালে অবস্থান করা বিসিবির জাতীয় ম্যানেজার (গ্রাউন্স অ্যান্ড ফ্যাসালিটি) সৈয়দ আবুল বাতেন জানান, চার দিনের এ ক্রিকেট ম্যাচকে ঘিরে ঢাকা থেকে সকল সরঞ্জামাদি ও জনবল আনা হয়েছে। তারা দিন-রাত সমানতালে কাজ করে মাঠসহ স্টেডিয়ামের অন্যান্য কাজ করছেন। এ স্টেডিয়ামকে খেলামুখী করতে কি প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যান্য বিভাগীয় স্টেডিয়ামের তুলনায় বরিশাল স্টেডিয়াম অনেকটাই অনুন্নত। আধুনিক ড্রেনেজ সিস্টেম, খেলোয়াড়দের থাকার আধুনিক মানের হোটেল ব্যবস্থা, গ্যালারিতে মানসম্পন্ন টয়লেট ব্যবস্থা, প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকলেও খেলা পরিচালনা করা সম্ভব নয়। এবারের ম্যাচের জন্য সবকিছুই ঢাকা থেকে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।