স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনো জয়ের মুখ দেখেনি। তাই গালাতাসারায়ের মাঠে আজ তাদের মূল লক্ষ্যই হবে অধরা জয়ের সন্ধান করা। আর প্রত্যাশিত জয়টি পেলে কোচ জিনেদিন জিদানের দল ‘এ’ গ্রুপের সর্বনিম্ন অবস্থান থেকে উঠে আসতে পারবে।
ইউরোপ জুড়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোয় রিয়াল ছাড়াও আজ মাঠে নামবে শিরোপা প্রত্যাশি টটেনহ্যাম হটস্পার, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, পিএসজির মতো দলগুলো। তবে সবাইকে ছাড়িয়ে আলোচনায় জিদানের দল।
কেননা স্প্যানিশ জায়ান্টরা এবার মহাদেশীয় এই টুর্নামেন্টে সুবিধাই করতে পারছে না। কারণ গ্রুপ শীর্ষে থাকা পিএসজির ছয় পয়েন্টের বিপরীতে রিয়াল পেয়েছে এক পয়েন্ট। পিএসজি আজ অবস্থান ধরে রাখার লক্ষ্যে ক্লাব ব্রাগার মাঠে খেলতে যাবে। টটেনহ্যাম হটস্পারের লক্ষ্য হবে আগের রাউন্ডে বায়ার্নের কাছে শোচনীয় হারটি থেকে ঘুরে দাঁড়ানো। ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা অবশ্য আটালান্টাকে আতিথ্য দেওয়ার আগে বলেছেন ইংলিশ ক্লাবটি এখনো এই শিরোপা জয়ের জন্য প্রস্তুত নয়। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অবশ্য মাঠে নামবে আগামীকাল।