কোটালীপাড়ায় এলজিইডি কার্যালয়ে অগ্নিকাণ্ড

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঐ অধিদপ্তরের তালাবদ্ধ অফিসে আগুন লাগে।

কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ অফিসের অবস্থান। অফিসের নৈশপ্রহরী ছলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।