অস্ত্রাঘাতে ছেলের মৃত্যুর দেড় মাস পর আহত বাবার মৃত্যু

খুলনা অফিস ও তেরখাদা সংবাদদাতা

খুলনায় ধারালো অস্ত্রের কোপে ছেলের মৃত্যুর পর আহত পিরু শেখ প্রায় দেড় মাস পর মারা গেছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান। এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ আগস্ট মধ্যরাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামের পিরু শেখের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছেলে নাঈম শেখকে (২৬) হত্যা করে। এ সময় পিরু শেখ ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে খুমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান বলেন, মাহফুজা খাতুনের দায়েরকৃত হত্যা মামলাটি এখন জোড়া হত্যা মামলায় পরিণত হবে।