রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

রাজশাহীতে ট্রেনের নীচে পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মহানগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, রেলস্টেশন থেকে ২টা ১৫ মিনিট খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তবে ট্রেনটি বিলম্বে রাজশাহী স্টেশন ত্যাগ করেছিল। তিনি আরো জানান, ট্রেনটি সাড়ে ৩টার দিকে মহানগরের ভদ্রা জামালপুর রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে। কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। এরমধ্যে রুবেল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

এ ঘটনা আশপাশের লোকজন আত্মহত্যা বলে দাবি করলেও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি বলেও জানান জিআরপি থানার এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় জিআরপি ও রাজপাড়া থানায় পৃথক মামলা হবে।

এদিকে যশোর অফিস জানায়, ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষার্থী বহনকারী থ্রি-হুইলার উলটে ছয় জন আহত হয়েছে। গতকাল সোমবার ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, বামনআলী আইডিয়াল চাইল্ড অ্যাকাডেমির শিক্ষার্থী ইয়ামিন হাসান জিহাদ, তাহসিন মাহমুদ, মোস্তাকিম, মিম, লাবিবা ও থ্রি-হুইলার চালক সুজনকান্তি। এদের মধ্যে শিশু মিম ও চালক সুজনের অবস্থা গুরুতর।