প্রথম পৃষ্ঠা কালো কালিতে ঢেকে অস্ট্রেলীয় পত্রিকাগুলোর প্রতিবাদ

সংবাদমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে অস্ট্রেলিয়ার প্রধান প্রধান সংবাদপত্রগুলো। সোমবার দেশটির শীর্ষস্থানীয় সবকটি পত্রিকার প্রথম পৃষ্ঠা ছিল কালো কালিতে ঢাকা। ওপর ডান পাশে লাল রঙের একটি সিল মেরে দেওয়া হয়েছে। ওই সিলের মধ্যে সাদা হরফে লেখা রয়েছে ‘সিক্রেট’ বা ‘গোপনীয়’। সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করে সাম্প্রতিক এক আইনের প্রতিবাদে অভিনব এ প্রতিবাদের উদ্যোগ নিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের ইতিহাসে একই দিনে সব পত্রিকায় এমন প্রতিবাদ বিরল।                প্রতিবাদ শুধু পত্রিকার পাতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রেডিও-টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যমগুলোও সমর্থন দিয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার অভিনব এ কর্মসূচিতে। বাদ যায়নি অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ, সরকারি অর্থে পরিচালিত ওয়েবসাইট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর মতো সংবাদমাধ্যমগুলোও। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারাও এ সংক্রান্ত বার্তা প্রচার করছে। তাদের সম্মিলিত এ প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘রাইট টু নো কোয়ালিশন’ বা জানার অধিকারবিষয়ক জোট।

প্রতিষ্ঠানগুলো চাইছে, এ ধরনের প্রতিবাদের মধ্য দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এমন আইন বাতিলে সরকারের ওপর যেন চাপ তৈরি করা যায়। জনগণের পক্ষ থেকেই যেন এ চাপ অনুভব করতে পারে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সরকারি তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার উপযোগী পরিবেশ যেন নিশ্চিত করা হয়। মানহানি মামলার ক্ষেত্রে যেন একটি নির্দিষ্ট মানদণ্ড থাকে।

এক বিবৃতিতে এ কর্মসূচি নিয়ে কথা বলেছেন নাইন এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাগ মার্কস। তিনি বলেন, ‘সরকার জনগণের নামে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, তা সম্পর্কে জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার জন্যই এ পদক্ষেপ।