আগামী দিনে দলের মধ্যে বড় ধরনের সংস্কারের চিন্তা করছে ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। দলের মধ্যে এ নিয়ে কৌতুহলও তৈরি হয়েছে। এমন ঘটলে এটাই হবে প্রথম। সোনিয়া গান্ধীর তত্ত্বাবধানে এই পরিবর্তন আসবে। দুই বছর ছেলে রাহুল গান্ধীর হাতে দায়িত্ব দেওয়ার পর সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সোনিয়া গান্ধী।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, সংস্কারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিবর্তন বড় হতে পারে কিংবা নাও হতে পারে। এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। দলের নেতৃবৃন্দ বলছেন, দলের পরিবর্তনের বিষয়টি আলোচনায় আছে এবং এ নিয়ে কৌতুহলও অনেক। লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো পরাজয়ের পর রাহুল গান্ধী প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। ফলে পরিবর্তনটা বড়ও হতে পারে। কংগ্রেসে বয়স্ক এবং তরুণ-যুবকদের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে মতপার্থক্য আছে অনেকদিন। রাহুল গান্ধীকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বারবার চেষ্টার পরও সম্ভব হয়নি। একরকম বাধ্য হয়েই সোনিয়া গান্ধীকে দায়িত্ব নিতে হয়েছে। তবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কংগ্রেসে পূর্ণ দায়িত্বের প্রেসিডেন্ট আসবেন কবে? কংগ্রেসের ওয়ার্কিং কমিটি দলের নেতৃবৃন্দের পদের মেয়াদ কমাতে চায়। দলের প্রধানের মেয়াদ ৫ বছর থেকে ৩ বছর করতে চায়। দলের অভ্যন্তরীণ নির্বাচন হবে ২০২০ সালে। যদিও ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত সোনিয়া গান্ধীই দায়িত্বে থাকবেন। রাহুল গান্ধীও ফের প্রেসিডেন্ট হতে পারেন। যদিও তিনি এই বিষয়ে কিছু বলেননি।