কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতির জন্য গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাত্ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আট নেতা। সাক্ষাত্ শেষে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী দেখা করার মৌখিক সম্মতি দিয়েছেন। তবে কোন তারিখে দেখা করবেন তা চূড়ান্ত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকা ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেখা করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই। দেখা করতে পারেন। তবে বিষয়টি আইজি প্রিজন দেখবেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে আইজি প্রিজনকে বিষয়টি জানিয়েছেন বলে সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা ৯ জনের নামের একটি তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এতজন তো সাধারণত একসঙ্গে দেখা করা যায় না, সেক্ষেত্রে হয়তো দুই ভাগে আপনারা দেখা করতে পারেন। যেমন কিছুদিন আগে বিএনপির এমপিরাও দুই ভাগে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন।’
এদিকে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের যে সমাবেশ করার কথা ছিল, সেটি হচ্ছে না। সুব্রত চৌধুরী গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে জানান, সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ ও পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। কোনোটিই পাওয়া যায়নি বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে জানা গেছে, আজকের সমাবেশের জন্য ঐক্যফ্রন্টও কোনো প্রস্তুতি নেয়নি। এর আগেও কয়েকবার বিভিন্ন ইস্যুতে কর্মসূচি ঘোষণার পর ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত বা বাতিল করে ঐক্যফ্রন্ট।
সমাবেশের বিষয়ে আ স ম রব বলেন, ‘সমাবেশ করা আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার। সেই অধিকার আমরা এখনো পাইনি। তবে আমাদের পরবর্তী করণীয় কী হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রব ও সুব্রত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন, বিকল্পধারার একাংশের চেয়ারম্যান ড. নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।