ঢাকার আদালতের আইনজীবী সহকারী মোবারক হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে আইনজীবী সহকারী মোবারক হোসেন ভুঁইয়াকে হত্যার ঘটনায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মাহবুবুর রহমান ভুঁইয়া ওরফে মাহাবুব, মো. মোজাম্মেল হক ওরফে বাদল ভুঁইয়া, আফজাল ভুঁইয়া, ইমদাদুল হক ওরফে সিকরিত ভুঁইয়া, নয়ন ভুঁইয়া, দোলন ভুঁইয়া ওরফে ধুলো, রুহুল আমিন, চিকন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন দীলিপ, বিধান সন্ন্যাসী ও নিলুফা আক্তার। এদের মধ্যে চার আসামি পলাতক রয়েছেন বলে জানান আইনজীবীরা। এছাড়া রায়ে পলাতক আসামি তাসলিমা আক্তার ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ২২ অক্টোবর গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে মোবারক হোসেনকে বল্লম মেরে হত্যা করা হয়। মোবারক ছিলেন ঢাকা আইনজীবী সহকারী সমিতির সদস্য। মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য।