বিক্ষোভ মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিষিদ্ধ হ্যান্ড ড্রেজার ব্যবহার করে ফসলি জমি খনন করা হচ্ছে। জমির গভীর তলদেশে পাইপ বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ করেছে। পরে তারা মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত এক সভায় ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধ করে জমি রক্ষার দাবি জানানো হয়।
দেখা গেছে, প্রতিদিন চারটি ড্রেজার বসিয়ে তিন থেকে চার হাজার ফুট বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রায় ৬ হেক্টর ফসলি জমি বিনষ্ট হয়েছে। বালু তোলায় আশেপাশে জমির মাটি ধসে পড়ছে। হুমকির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়ক।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় সৈয়দাবাদ গ্রামে চলছে ভয়াবহ এ ড্রেজিং কাজ। রাস্তার পূর্বপাশে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানার ২৫ বিঘা ফসলি জমির নিচ থেকে অর্ধশত ফুট গভীর করে অবৈধ ড্রেজার দিয়ে একটি প্রতিষ্ঠানের বালু নেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক বাচ্চু মিয়া জানান, তার ১৫ শতক জমি, সাদ্দাম হোসেনের ১২০ শতক জমি, বাছির মিয়ার ৩০০ শতক, বাবুলের ৬০ শতক জমি জোরপূর্বক দখল করে বালু তোলা হচ্ছে। বাধা দেয়ায় আমাকে এবং আমার ছেলেকে মারধর করে পুলিশে দিয়েছে। প্রতিবাদ করায় আমাকে জেল খাটতে হয়েছে। এখন হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে আবেদন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, ইতিপূর্বে বেশ কয়েকবার ড্রেজার জব্দ করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। শিগগিরই আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।