অনুমতি ছাড়া কর্মকর্তা কর্মচারী বদলি নয়

অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে না বলে মন্ত্রিপরিষদকে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া এক চিঠিতে ইসির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিও’র ৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা প্রদান সকল নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে অব্যাহতি না দেওয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে। এ ছাড়াও আরপিও’র ৪৪ ই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর হতে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত যাতে তাদের অন্যত্র বদলি বা ছুটি দেওয়া না হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগ, সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পরিপত্রের মাধ্যমে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।  

মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া পৃথক আরেকটি চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সকল সরকারি, স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয়সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে। ভোট গ্রহণের পাশাপাশি নির্বাচনের বিভিন্ন দায়িত্বও দেওয়া হবে তাদের। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয়সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

প্রচার সামগ্রী

অপসারণের নির্দেশ

আগামী বুধবারের মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীতে ইভিএম

প্রদর্শনী আজ

রাজধানীতে দিনব্যাপী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। জানা গেছে, ইসি রাজনৈতিক দলগুলোকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। দলগুলো তাদের টেকনিক্যাল টিম দিয়ে ইভিএম পর্যবেক্ষণ করতে পারবে।