নরসিংদীতে পিকাপভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মেঘলা নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ের অদূরে ঘোড়াশাল টঙ্গি সড়কের পাকিজা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘলা শিবপুর উপজেলার মজলিসপুর গ্রামের শাখাওয়াত হোসেনের শিশু কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাখাওয়াত হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে শিবপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। প্রাইভেট কারটি দুর্ঘটনা স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পন্যবোঝাই একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকার ও পিকাপ ভ্যানের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু মেঘলাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: গাজীপুরে পুকুরপাড় থেকে নারীর মাটিচাপা লাশ উদ্ধার
নরসিংদী ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি গাড়িই দ্রুত গতিতে থাকা এ দুর্ঘটনা। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গুরুত্বর আহতাবস্থায় আরো ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ