প্রাক্তন স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে স্ত্রী ও কন্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া এসিডে স্ত্রী ও কন্যা গুরুতর ঝলসে গেছেন। দগ্ধ মা ও মেয়েকে উন্নত চিকিত্সার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালে চিকিত্সাধীন ফাতেমা জানান, ছয় বছর আগে নড়াইল জেলার শাহাজান মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। প্রতিদিনের মতো সোমবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার প্রাক্তন স্বামী শাহাজান মোল্লা বাড়ির জানালার কাছে এসে তাকে ডাকে। জানালা খোলার সঙ্গে সঙ্গেই অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ফাতেমার সাবেক স্বামী শাহাজান মোল্লাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি বলে জানান পুলিশ কর্মকর্তা।