বিভিন্ন স্থানে হাত ধোয়া দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস উপলক্ষ্যে মঙ্গলবার নানা আয়োজন করা হয়। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে ব্র্যাক ওয়াস ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গণে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

হাতিয়া (নোয়াখালী) : উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হাতিয়ার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভা উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও হাতধোয়ার কৌশল প্রদর্শন করা হয়েছে।

এনজিও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

শেরপুর (বগুড়া) : উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু।

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।