পদ্মায় ইলিশ আহরণের দায়ে দুই পুলিশসহ আটক ১৭

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ আহরণের অপরাধে দুই পুলিশ সদস্যসহ ১৭ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে পুলিশ সদস্য শফিকুল ইসলামকে স্থানীয়রা আটক করে। অন্যদিকে গোদার বাজার এলাকা থেকে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক ওসমান গণিকে রাজবাড়ী নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রফিকুল ইসলাম আটক করেন।

পুলিশ সদস্য শফিকুল ইসলামকে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম উদ্ধার করে এবং ওসমান গণিকে আটক করে পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।

এছাড়া পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৭ জেলেকে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশসহ আটক করে নয় দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আটককৃত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।