নারীদের নিয়ে উঠান বৈঠক
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘি উপজেলা তথ্য সেবা অফিসের আয়োজনে মঙ্গলবার উপজেলার জিনইর গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এর আয়োজন করা হয়।
বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্যাহ বিন রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।
ফ্রেন্ডশিপের অ্যাডভোকেসি সভা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের অ্যাসিসটেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এএসডি) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফার সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, ইউপি সচিব মো. শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবন্ধীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা
নীলফামারী প্রতিনিধি সুইড বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিবন্ধীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি ও জনসচেতনতামূলক এ কর্মশালায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ-এর সভাপতি মো. জওয়াহেরুল ইসলাম মামুন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের নবাগত জেলা প্রশাসক এনামুল হক মঙ্গলবার দুপুরে প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র শফিক জাহেদী রবিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম আ. মান্নান প্রমুখ।
তাঁতী লীগের পঞ্চকরণ ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তাঁতী লীগের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু। এ সময় বক্তব্য রাখেন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিমন তালুকদার প্রমুখ।
ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের মানববন্ধন
বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের সামনে এ মানববন্ধন করেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি এবং ঝিকরগাছা ও শার্শা ট্রাক মালিক সমিতির সদস্যরা।
ইমাম ও কাজিদের ভূমিকা বিষয়ক কর্মশালা
ভোলা প্রতিনিধি ভোলায় মঙ্গলবার বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও কাজিদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা অফিসার্স ক্লাবে কর্মশালার উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান।
নেত্রকোনায় আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধি ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের কাছে যুব সমাজের প্রত্যাশা’ বিষয়ক আলোচনা সভা মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন আইইডির ব্যবস্থাপনায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে সম্মিলিত যুবসমাজের সম্পাদক সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।