বিলসের সেমিনার
ইত্তেফাক রিপোর্ট
শ্রম আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া অনেক সমস্যা তৈরি করে। এছাড়া শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে কোনো কোনো মালিকপক্ষের অসহযোগিতা কিংবা বাধা মালিক-শ্রমিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। শ্রমিক সংগঠন না থাকায় কখনো কারখানায় সমস্যা তৈরি হলে তা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে বিদ্যমান শ্রম আইনের সঠিক বাস্তবায়ন ও ট্রেড ইউনিয়ন বিষয়ে মালিকপক্ষের অনীহা দূর করতে হবে। সেই সঙ্গে বিদ্যমান শ্রম আইনের অসঙ্গতি দূর করে আইনটি সংশোধনেরও দাবি শ্রমিক নেতাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজিত ঐ সেমিনারে কারখানা মালিক, শ্রমিক ও সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিলসের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি।
সম্প্রতি বিলস তৈরি পোশাক শিল্প খাত ও অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের শিল্প সম্পর্কবিষয়ক একটি গবেষণা সম্পন্ন করেছে। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট পক্ষসমূহের কাছে গবেষণাপত্র উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে উক্ত খাতসমূহে বিরোধ নিষ্পত্তি বিষয়ে যুগোপযোগী সুপারিশ প্রণয়ন ও সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্ভাব্য ভূমিকা নির্ধারণ করে গবেষণাপত্রটিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভুঁইয়া প্রমুখ।