বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের অন্যতম বৈদ্যুতিক তার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। কুষ্টিয়াস্থ প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ রয়েছে নানা আয়োজন। বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। আলহাজ মো. মজিবর রহমান জানান, আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্প ভাবনা থেকেই তিনি কুষ্টিয়ায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে ধীরে ধীরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিআরবি পলিমার লিমিটেড, টিপিটি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। এসব শিল্প প্রতিষ্ঠানের বাইরে সিকিউরিটিজ, এয়ারসার্ভিস, স্বাস্থ্যসেবা, কিয়াম ছিরাতুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট, হাসিব ড্রীম স্কুলসহ শিক্ষা ও মানবসেবাসহ বেশকিছু প্রতিষ্ঠান বিআরবির আওতায় পরিচালিত হচ্ছে। এছাড়া কুষ্টিয়ায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৩ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ বর্তমানে বিশ্বের প্রায় ২০০টি দেশের ৩ হাজার ক্যাবলস উত্পাদনকারী কোম্পানির মধ্যে নির্বাচিত ৫০টি শীর্ষস্থানীয় কোম্পানির তালিকাভুক্ত ও বিশ্ব র্যাংকিং-এ বিআরবি ক্যাবলস ইন্ড্রাস্টিজ ৩৩তম স্থান লাভ করে।