অভিজিতের কৃতিত্বে গর্বিত ভারত

সাক্ষাতের পর বললেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক ব্যানার্জি। দেশ জুড়ে উচ্ছ্বাসের মধ্যেই গত শনিবার দিল্লিতে পা রাখেন অভিজিত্। তারপর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠকে অভিজিতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে পরে টুইট করে জানান নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিজিতের সঙ্গে সাক্ষাতের পর এ দিন নিজের টুইটার হ্যান্ডলে মোদি লেখেন, ‘নোবেলজয়ী অভিজিত্ ব্যানার্জির সঙ্গে দেখা হল। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে সুষ্ঠু ও সবিস্তার আলোচনা হয়েছে। মানবজাতির ক্ষমতায়ন নিয়ে আবেগ রয়েছে তার। তার কৃতিত্বে ভারত গর্বিত। ভবিষ্যত্ কর্মসূচির জন্য তাকে শুভেচ্ছা জানাই।’ অভিজিত্ নোবেল পাচ্ছেন ঘোষণা হওয়ার পর থেকেই অগুনতি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে ‘ন্যায়’ প্রকল্পে অভিজিত্ তাদের সাহায্য করেছিলেন বলে জানান কংগ্রেস এমপি রাহুল গান্ধীও। দেরিতে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও বা শুভেচ্ছা জানান, কিন্তু অভিজিত্ সম্পর্কে নানা মন্তব্য উড়ে আসতে শুরু করে বিজেপির তরফে।

তবে বরাবরই বিতর্ক এড়িয়ে গিয়েছেন অভিজিত্। বরং ‘ন্যায়’ প্রকল্পে শুধুমাত্র কংগ্রেসকেই সাহায্য করেননি, নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট সরকারের হয়েও কাজ করেছেন বলে জানিয়ে দেন তিনি। মোদি সরকার চাইলে অর্থনৈতিক ক্ষেত্রে ফের তাদের সাহায্য করতে প্রস্তুত বলেও জানান অভিজিত্। তার পরেই এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে যান।