হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। কারাগারে থাকা এ নেতার শরীর সোমবার রাতে হঠাত্ করেই খারাপের দিকে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিত্সকরা জানিয়েছেন, তার প্ল্যাটিলেট কমতে শুরু করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিত্সক ড. আদনান খান সোমবার এক টুইট বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্ল্যাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেছে। তার জরুরিভিত্তিতে চিকিত্সা প্রয়োজন।
এই চিকিত্সক আরো জানিয়েছেন, লাহোরে তিনি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি নওয়াজের শরীর ভালো দেখেননি। তিনি বেশ অসুস্থ ছিলেন। তিনি বলেন, নওয়াজ শরিফ বেশকিছু জটিল রোগে আক্রান্ত। এগুলো জীবনের জন্য হুমকিস্বরূপ। এটা খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত এবং তাকে সেভাবে চিকিত্সা করানো উচিত।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর এক মুখপাত্র বলেন, নওয়াজ শরিফকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে একদল চিকিত্সকের অধীনে তার চিকিত্সা করা হবে। নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ অভিযোগ করেছেন যে, তার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাওয়ার পরেও দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়নি। তিনি বলেন, তার ভাইয়ের যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান।