মালয়েশিয়া থেকে পাম অয়েল কিনতে পিছু হটছে ভারত

এনডিটিভি

কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সঙ্গে কুয়ালালামপুরের টানাপোড়েনের মধ্যেই মালয়েশিয়া থেকে পাম অয়েল কিনতে সদস্যদের নিষেধ করেছে মুম্বাইয়ের একটি প্রভাবশালী তেল প্রক্রিয়াজাত গোষ্ঠী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত মাসে জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি থেকে এ উদ্ভিজ্জ তেল আমদানিতে লাগাম টানতে পারেন সন্দেহে ভারতীয় ক্রেতারা ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় সোমবার এক বিবৃতিতে সলভেন্ট এক্সট্রাকটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া তার সদস্যদের মালয়েশিয়া থেকে মুখ ফেরাতে নির্দেশনা দেয়। ‘বিপুল পরিমাণ পাম ওয়েলের আমদানিকারক হিসেবে আমাদের দেশ ও মালয়েশিয়ার মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের ক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতা আছে। আপনাদের নিজস্ব স্বার্থ এবং দেশের সঙ্গে সংহতির অংশ হিসেবে আমাদের উচিত কিছু সময়ের জন্য মালয়েশিয়া থেকে পণ্য ক্রয় এড়িয়ে যাওয়া,’ বলেছেন তারা। ঘাটতি মেটাতে ভারতীয় পাম অয়েল প্রক্রিয়াজাত কোম্পানিগুলোকে ইন্দোনেশিয়া, ইউক্রেন ও আর্জেন্টিনার দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী পরিচালক বি ভি মেহতা।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উত্পাদক দেশ; অন্যদিকে ভারত এ তেলের বৃহত্তম ক্রেতা। ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম অয়েল শিল্পখাত বড়ো ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। উদ্ভিজ্জ এ তেলটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা ভারতে প্রায় ৩৯ লাখ টন পাম অয়েল রপ্তানি করেছে, যার বাজার মূল্য ২০০ কোটি ডলার। বছরের শুরুতে নয়াদিল্লি শুল্ক তুলে নেওয়ায় এ ৯ মাসে মালয়েশিয়া ভারতে যে পরিমাণ পাম ওয়েল রপ্তানি করেছে তা গত বছরের দ্বিগুণেরও বেশি।