স্পোর্টস ডেস্ক
অনুমিত ফলাফলটারই মঞ্চায়ন হলো গতকাল সকালে। রাঁচিতে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন সকালে আর মাত্র এক রান তুলেই বাকি দুটো উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে জিতল ভারতীয় দল। আর এই জয় দিয়ে নতুন এক রেকর্ডও গড়ল বিরাট কোহলিরা। তারাই এখন একমাত্র ভারতীয় দল যারা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪তম সিরিজে এসে এই মাইলফলক স্পর্শ করল দলটি।
তৃতীয় দিন শেষেই ম্যাচ জয়ের পথ তৈরি করে রেখেছিল ভারত। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩২ রান করেছিল প্রোটিয়ারা। ইনিংস হার এড়াতে ২ উইকেট হাতে নিয়ে আরো ২০৩ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। পক্ষান্তরে ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র দুই উইকেটের।
চতুর্থ দিন প্রথম দুই ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার শেষ ২ উইকেট তুলে নেয় ভারত। দুটো উইকেটই নেন পেসার শাহবাজ নাদিম। এর আগে বিশাখাপত্তনম ও পুনেতেও বড়ো ব্যবধানে হারে প্রোটিয়ারা। ম্যাচ সেরা ও সিরিজ সেরা— দুটো পুরস্কারই পেয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। গোটা সিরিজের চার ইনিংসে তিনি তিনটি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে শেষেরটা থেমেছে ডাবল সেঞ্চুরির মাইলফলক পূরণ করার পর।
দলের এমন অতিমানবীয় পারফরম্যান্সে সন্তুষ্ট বিরাট কোহলি। তিনি ম্যাচ শেষে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স। তিন ম্যাচে ধারাবাহিকভাবে ছেলেরা ভালো খেলেছে। সিরিজের শুরুতে আমাদের লক্ষ্য ছিল ভালো খেলা। সেখানে আমরা তিন ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছি।’
ম্যাচ শুরুর আগেই অধিনায়ক বিরাট কোহলি বলে রেখেছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ অবস্থানে নিজেদের আরো মজবুত অবস্থানে দেখতে চান তিনি। তার সেই স্বপ্ন এবার পূরণ হলো। পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ভারতের সংগ্রহ এখন ২৪০ পয়েন্ট। তালিকায় তারাই আছে সবার ওপরে। এখানে দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০।
হতাশাজনক একটি সিরিজ কাটিয়ে হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ঘুড়ে দাঁড়ানোর আশাবাদ জানালেন। তিনি বলেন, ‘সিরিজটি আমাদের জন্য খুবই হতাশার। আমরা প্রত্যেক ম্যাচেই ভুল করেছি। যেসব ভুল ম্যাচ থেকে ছিটকে দেয় আমাদের। ব্যাটসম্যানরা নিজেদের দৃঢ়তা দেখাতে পারেনি। বোলাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছে। তারা কিছুটা সফলও হয়েছে। আশা করছি, খুব দ্রুতই আমরা ঘুড়ে দাঁড়াব।’