বিয়েতে হাজির হয় পুরো বলিউড। শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর—ছিলেন না কে!
প্রায় ৭২০ কোটি রুপি ব্যয়ের এই বিয়ে নিয়ে দুনিয়াজুড়ে তোলপাড়। বিয়ে হচ্ছে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির। বর আনন্দ পিরামল। আমন্ত্রণে আসেন আমেরিকার প্রভাবশালী নারী হিলারি ক্লিনটন। বিয়েতে হাজির হয় পুরো বলিউড। শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর—ছিলেন না কে! তবে এই বিয়েতে তারকাদের গুরুত্বহীন উপস্থিতি সমালোচনারও ঝড় তুলেছে। এরইমধ্যে চমক দেখালো বলিউডের বচ্চন পরিবার। স্টাইল, পোশাক, গেটাপে সবার নজর কেড়ে নিয়েছেন অমিতাভ বচ্চন ও তার পরিবারের সদস্যরা। গত বুধবার বিয়ে বাড়িকে যেন আরো তারকাখচিত করে তোলে বচ্চন পরিবার। আন্টিলিয়াতে পৌঁছানো অন্যতম প্রথম সেলিব্রেটি ছিলেন অমিতাভ বচ্চন। তার সঙ্গে পৌঁছান স্ত্রী জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দ ও নাতনি নভ্যা নভেলি নন্দ। তাই সকল গণমাধ্যমের ক্যামেরা যেন এই বিয়ে বাড়িতে। অমিতাভ অবশ্য মজা করে বলেছেন, ‘মনে হচ্ছে বড় কোনো ফেস্টিভ্যালে এসেছি।’