নিস্তব্ধ ও দ্বিধান্বিত ক্রিকেটাররা!

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানাল, গতকাল সংবাদ সম্মেলনে আসার আগে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন তারা। কিন্তু কাউকে ফোনে পাননি। প্রায় একই অভিযোগ করলেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। বিসিবির সংবাদ সম্মেলন হয়ে যাওয়ার পর একই অভিজ্ঞতা হলো সংবাদ মাধ্যমের—ফোনে প্রায় কাউকে পাওয়া গেল না। যে দুই-একজনকে পাওয়া গেল, তারা বললেন অনিশ্চিত ও দ্বিধান্বিত কথাবার্তা।

আগের দিন সংবাদ সম্মেলনে একটা দফা উপস্থাপন করেছেন তামিম ইকবাল। তাকে ফোনে পাওয়ার পর বলেছেন তিনি নিজেও জানেন না এখন কী হবে, ‘আমি এখনো জানি না কী হবে। আমি তো একা নই। এটা সবার সিদ্ধান্ত। আমি একা তো কিছু বলতে পারি না। যা হবে সবাই মিলে আপনাদের জানাব।’

দফা উপস্থাপন করা সাকিব আল হাসানকে অনেকবার চেষ্টা করেও ফোনে পাওয়া গেল না। এদিকে যারা গত পরশুর সংবাদ সম্মেলনে হাজির ছিলেন না, তারা এই বিষয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততাই রাখতে চাইছেন না। তারা একটা দূরত্ব বজায়ে রাখছেন। অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান কয়েক বছর আগেও ক্রিকেটারদের দাবি-দাওয়াতে সোচ্চার ছিলেন। মিডিয়ায় কথা বলেছেন। গতকাল নীরবতা দেখা গেল তার মাঝে। গতকাল তুষার জানিয়েছেন, ‘ভাই আমি তো কিছুই জানি না। আমি ঢাকায় যাইনি। আমি তো ঐ দিন ওখানে ছিলাম না।’