ইত্তেফাক রিপোর্ট
১০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর অংশগ্রহণে কমপক্ষে ২৫০ পদে ৫০টি প্রতিষ্ঠানে দেড় হাজার কর্মী নিয়োগ পাচ্ছে দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলায়। গতকাল মঙ্গলবার মিরপুর-১৪-এর পিএসসি কনভেনশন হলে কারিগরি চাকরি মেলার উদ্বোধন করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ফারুক হোসেন।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘সরকার শিগগিরই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীদের সনদ প্রদান করবে। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সনদ আমাদের মাধ্যমে দেওয়া হবে। এটা নিয়ে কারিগরি দক্ষ স্টাফরা বিশ্বের যে কোনো দেশে কাজের সুযোগ পাবেন। এ লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি করব।’
বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, গত ১৯ বছর ধরে ৩০ হাজার কোম্পানির চাকরির তথ্য দিচ্ছে বিডিজবস। প্রতিদিন ২ লাখের মতো চাকরিপ্রার্থী বিডিজবসে চাকরি খোঁজেন। টেকনিক্যাল স্কিলড স্টাফের জোগান দিতে আমাদের এই মেলার আয়োজন। ৫০টির বেশি প্রতিষ্ঠান মেলায় স্টল নিয়েছে। এই ইভেন্টের মাধ্যমে দেড় হাজার কর্মীর চাকরি নিশ্চিত হবে বুধবারের মধ্যে।
তিনি আরো বলেন, একটা সুন্দর চাকরি পেলেই কেবল যুবকরা সুন্দর জীবন পাবেন। এজন্য তাদের আগে থেকেই টেকনিক্যাল স্কিলড করে তুলতে হবে। সাধারণ শিক্ষার সঙ্গে টেকনিক্যাল এডুকেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান এবং বিডিজবসের পরিচালক, বিক্রয় ও বিপণন প্রকাশ রায় চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। কারিগরি পেশাজীবীদের জন্য এ ধরনের চাকরি মেলা এটাই প্রথম। কারিগরি কর্মী (মেকানিক, টেকনিশিয়ান, ড্রাইভার, মেশিন অপারেটর, শেফ, নার্স ইত্যাদি) এবং প্রশিক্ষণার্থীদের কমপক্ষে ২৫০ পদে নিয়োগের উদ্দেশ্যে ৫০টি সুপ্রতিষ্ঠিত কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করছে। মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার চাকরীপ্রার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ।
উল্লেখ্য, প্রতি বছর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহীর মতো শহরে চাকরি মেলার আয়োজন করে আসছে বিডিজবস। তবে কারিগরি খাতের কর্মীদের নিয়ে বিশেষ চাকরি মেলা এবারই প্রথম।