ক্যাসিনোয় জড়িত এনামুল ও রূপনের বিরুদ্ধে হচ্ছে দুদকের মামলা

ইত্তেফাক রিপোর্ট

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও থানা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্মসাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াসহ চার জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে এ দুই মামলা দায়েরের অনুমোদন দেন। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ  মামলা দুটি দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। অন্য যে দুই জনের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে তারা হলেন এনামুল হক এনুর সহযোগী হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদ।

দুদক সূত্র জানায়, ক্যাসিনো ব্যবসায় জড়িত এনামুল হক এনু ও তার দুই সহযোগীর ব্যাপারে অনুসন্ধান করেছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দুদকের প্রাথমিক এ অনুসন্ধানে কমিশন প্রমাণ পেয়েছে যে, এনামুল হক এনু ও তার দুই সহযোগীর বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছে। এর মধ্যে হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদ প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছে।

অপরদিকে রূপন ভূঁইয়ার অবৈধ আয়ের ব্যাপারে উপসহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী অনুসন্ধান করেছেন। তার অনুসন্ধান প্রতিবেদনে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে ১৪ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।