র্যাবকে উদ্ধৃত করে জিজ্ঞাসাবাদের তথ্য প্রচার নয়

চলমান অভিযান সম্পর্কে র্যাবকে উদ্ধৃত করে সম্প্রতি কোনো কোনো গণমাধ্যমে বিবিধ তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে র্যাব সদর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে র্যাব সদর দপ্তরের বক্তব্য এই যে, এ ধরনের কোনো তথ্য র্যাব কর্তৃক কোনো গণমাধ্যমে কখনোই প্রদান করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে র্যাবকে উদ্ধৃত করে কোনো সংবাদ পরিবেশন কাম্য নয়। র্যাব সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—‘তদন্তকালীন জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বিষয় আইনগতভাবে অত্যন্ত গোপনীয়। র্যাব আইনগত কারণেই সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে মামলা তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে থাকে, যা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত নয়। অনুমান কিংবা গুজবনির্ভর অথবা অসমর্থিত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত সংবাদ সাধারণভাবে র্যাবকে উদ্ধৃত করে প্রচার করা হলে জনমনে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাছাড়া মামলার তদন্ত ও ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট সূত্র উল্লেখ ব্যতিরেকে র্যাবকে উদ্ধৃত করে কোনো সংবাদ প্রচার করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ করা হলো।’—সংবাদ বিজ্ঞপ্তি