ইত্তেফাক রিপোর্ট
সরকারিভাবে জাপানে যেতে আগ্রহীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটিতে যাওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ধারিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধু জাপানে যেতে পারবেন। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীরা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত টিটিসি থেকে সফলভাবে জাপানি ভাষা শিক্ষা কোর্স শেষ করে জাপান যেতে পারবেন। তবে, কোর্স শেষ করার পর আইএম জাপানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সম্পূর্ণ বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে প্রশিক্ষণার্থীরা জাপান যাবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি বা বাইরের কারো কাছে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে মন্ত্রণালয় থেকে সতর্ক করা হচ্ছে।
জাপান যেতে যারা ইচ্ছুক—তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ২০ সর্বোচ্চ ২৮ বছর হবে। উচ্চতা পুরুষ কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। প্রশিক্ষণার্থীদের অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে। সরকারিভাবে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটির জন্য প্রশিক্ষণার্থীকে ১ হাজার টাকা কোর্স ফি দিতে হবে।
উল্লেখ্য, ৩২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চলছে। জাপান ২০২৫ সালের মধ্যে ১৪টি সেক্টরে বাংলাদেশসহ ৯টি দেশ থেকে ৩ লাখ ৪০ হাজার কর্মী নিয়োগ দেবে।