বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে বাঁকা চোখে দেখা হচ্ছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের স্বর্ণ অধ্যায় চলছে এখন। একটি মহল এখনো এ বন্ধুত্বকে বাঁকা চোখে দেখছে। যারা এ বন্ধুত্বকে বাঁকা চোখে দেখছেন, তারা কোনো কিছুই সোজা চোখে দেখেন না।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি আরো বলেন, বাংলাদেশে এখন গুজব আর অপপ্রচার চলছে। এসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে তথ্য দিয়ে। সমুদ্রসীমা মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই দেশবিরোধী চুক্তি বা সমঝোতা করতে পারেন না।

সম্প্রতি একাদশ সংসদ নির্বাচন নিয়ে এক মন্তব্যের জন্য জোটে সমালোচনার মুখে থাকা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৈঠকে উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যে আমরা বিব্রত। ১৪ দলের বৈঠকে তার ঐ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, একটি মহল স্বাধীনতার পর থেকে দেশের স্বার্থ বিলিয়ে ভারতের সঙ্গে চুক্তি করা হচ্ছে বলে জিকির তুলে আসছে।   কিন্তু তারা বারবার ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো চুক্তিই বাতিল করেনি।

ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বিরোধী মহলের কাছে ভারত বিরোধিতা তুরুপের তাস। তারা ক্ষমতায় থাকলে, ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। সুতরাং তাদের এসব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আবদুর রশীদ বলেন, ভারত সফরে যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা উভয় দেশের জন্যই লাভজনক।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহবুব মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও কামরুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশানের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ূম, গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।