গাবতলীতে দুই ঝুঁকিপূর্ণ ব্রিজ

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাটের উত্তর পাশে প্রথমাছেও ব্রিজ এবং দক্ষিণ পাশে (গাবতলী-সোনাতলা রোডে) মোনারদহ ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই ব্রিজের উপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল করতে পারছে না। পণ্যবাহী গাড়িগুলো সরাসরি হাটে প্রবেশ করতে না পারায় বিঘ্নিত হচ্ছে হাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ী ও উত্পাদিত কৃষিপণ্য হাটে নিতে কৃষকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাড়ুয়ামালা হাট বগুড়ার গুরুত্বপূর্ণ একটি হাট। হাটবারে এখানে বিপুল মানুষের সমাবেশ ঘটে। তাছাড়া ওই ব্রিজ গাবতলী ও সোনাতলা উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমও। মহাস্থান মহাসড়কের বিকল্প পথ হিসেবে নাড়ুয়ামালা সড়ক-ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু জনগুরুত্বপূর্ণ ব্রিজ দুটি দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে। এ ব্যাপারে নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমম্বয় কমিটির বৈঠকে অনেক আলোচনা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। মালামাল পরিবহনে সমস্যা এবং বেপারিদের আসা কমে যাওয়ায় হাটের গুরুত্ব কমে যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ওই দুটি ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি      —ইত্তেফাক