যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম বলেছেন, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও অনুপ্রবেশকারীসহ যে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্তরা যুবলীগের কংগ্রেসে থাকতে পারবেন না। এদের ব্যাপারে যুবলীগ জিরো টলারেন্স বলেও তিনি জানান। গতকাল মঙ্গলবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চয়ন ইসলাম বলেন, আগামী ২৩ নভেম্বর যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস বাস্তবায়নই আমাদের একমাত্র চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব। উত্সবমুখর পরিবেশে একটি সুন্দর কংগ্রেস আয়োজন করব। মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীসহ যে কোনো অপরাধে সম্পৃক্তদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা একটি সফল সম্মেলন করব, এটাই এখন আমাদের একমাত্র চ্যালেঞ্জ।
যুবলীগের জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ বলেন, ঐক্যবদ্ধভাবে নতুন দিনের জন্য একটি সুন্দর সম্মেলন করে কমিটি দেওয়াই আমাদের প্রধান কাজ। আমরা নেত্রীর সঙ্গে পরামর্শ করে এটি করব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, মজিবুর রহমান চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, ফারুক হোসেন, আনেয়ার হোসেন, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, এসএম জাহিদ, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।