শক্তিশালী নেতৃত্ব দেশকে উন্নয়নের মডেল করেছে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শক্তিশালী নেতৃত্বের পাশাপাশি সুশাসন, স্থিতিশীল সরকার, অব্যাহত রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং সঠিক উন্নয়নের অগ্রাধিকার বাংলাদেশকে এক অনন্য উন্নয়নের মডেল করে তুলেছে। মরোক্কর প্রাচীন রাজধানী মারাকাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিচার সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন। ‘জাস্টিস অ্যান্ড ইনভেস্টমেন্ট : চ্যালেঞ্জ অ্যান্ড স্টেকস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে অঙ্গীকারাবদ্ধ। ২০২১ সালের লক্ষ্য অর্জন করতে বাংলাদেশকে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশ অর্জন এবং তা বজায় রাখতে হবে, দারিদ্র্যসীমা ও বেকারত্বের হারকে ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে; কর্মসংস্থানে কৃষি, শিল্প ও সেবার খাতের অবদানকে যথাক্রমে ৩০ শতাংশ, ২৫ শতাংশ এবং ৪৫ শতাংশে রূপান্তর করতে হবে। এসব লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। সেজন্য সরকার বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ বছরের জানুয়ারিতে পরপর তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও সন্ত্রাসবাদের প্রতি তার জিরো টলারেন্স নীতিকে আরো জোরদার করেছেন।  তিনি বলেন, বিদেশি বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা হয়েছে। এটি মূলত একটি ওয়েব-ভিত্তিক পোর্টাল যা কোনো বিনিয়োগকারী বিশ্বের যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত ১৫ ক্লায়েন্ট পরিষেবা এই অনলাইনে চালু করা হয়েছে। আগামীতে ওএসএস ব্যবস্থায়  ১৫০টি পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে।