ননএমপিও শিক্ষকদের আন্দোলন

শরবত খাইয়ে অনশন ভাঙালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করে শরবত পান করে অনশন ভেঙেছেন ননএমপিও শিক্ষক ফেডারেশনের নেতারা। গতকাল মঙ্গলবার রাত ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হেয়ার রোডের বাস ভবনে দেখা করলে তিনি তাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের উদ্দেশে বলেন, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতাদের সঙ্গে আমি বৈঠক করেছি। আপনারাও দীর্ঘদিনে এমপিওর দাবিতে আন্দোলন করেছেন। আপনাদের দাবিগুলো পরবর্তী সময়ে অবশ্যই পূরণ করা হবে। সংগঠনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, মন্ত্রী আমাদের অঙ্গীকার করেছেন আগামীতে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। এই আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে গত রবিবার রাতে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন।