মোংলার গিয়াস উদ্দিন সড়কের একটি বাড়িতে গ্রিল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে জানালার গ্রিল ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে চোরেরা স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। গত কয়েকদিন ধরেই এলাকাজুড়ে চোর আতংক বিরাজ করছিলো।
বাড়ির মালিক ও স্থানীয় লোকজন জানান, কবরস্থান সংলগ্ন গিয়াস উদ্দিন সড়কের বাসিন্দা দেলোয়ারা বেগম রাত ১০টার দিকে বাড়িতে ফিরে চুরির ঘটনাটি টের পান। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী বাড়িওয়ালারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগেও পৌর শহরের পূর্ব কবরস্থান রোড, বটতলা, শেহলাবুনিয়া খ্রিস্টান পাড়া ও শহরতলীর গোয়ালেরমাঠসহ বিভিন্ন এলাকায় দিনে-দুপুরে ও সন্ধ্যা রাতে চুরির ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের সনাক্ত কিংবা আটক করতে পারেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এখনই (বুধবার রাত সাড়ে ১১টা) ঘটনাস্থলে শহর এটিএসআই সন্তোষকে পাঠানো হচ্ছে। তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা বন্ধ ছিল, এখন আবারো চুরির ঘটনা ঘটেছে শুনেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।